২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রলীগ নেতা হামলায় আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতা প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 10:33 PM

Updated : 12 Apr 2022, 12:40 AM

আহত মোহাম্মদ মহসিন খুন হওয়া ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী এবং চবির শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ বাংলার মুখের সংগঠক।

তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সম্পাদক।

সোমবার বিকাল ৩টার দিকে মহসিনের উপর হামলা হয় বলে বাংলার মুখের নেতা ও ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি মো. মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “বিজয় গ্রুপের নাসির উদ্দিন মিশুর সাথে দুপুরে মহসিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মিশু তার মাথায় আঘাত করে। পরে তাকে আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাই।”

চবি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রকে মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে নাসির উদ্দিন মিশুর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বগিভিত্তিক বিজয় গ্রুপের অনুসারী মিশু চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী হিসেবে পরিচিত।

সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। মামুন এসব অবান্তর কথা বলছে।

“ঘটনার পর জানতে পেরেছি মিশুর বান্ধবীকে উত্ত্যক্ত করে মহসিন। এ নিয়ে তাদের মধ্যে মারামারি হলে মহসিন আহত হয়। এটা তাদের ব্যক্তিগত বিষয়।”

চবির সহকারী প্রক্টর লিটন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।