২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস জমে বিস্ফোরণে চট্টগ্রামে তিনজন দগ্ধ

চট্টগ্রামের আগ্রাবাদে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কার্যালয়ে ছড়িয়ে পড়া গ্যাস বিস্ফোরিত হয়ে তিনজন দগ্ধ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 12:34 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

সোমবার সকালে বন্দরনগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান শামীন অ্যাসোসিয়েটের কার্যালয়ে এ বিস্ফোরণে ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আনোয়ারুল কবির (২৪), মো. ছানোয়ার (১৮) ও মাসুদ হাসান (৪৫)। তাদের মধ্যে দগ্ধ মাসুদ সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। 

ডবলমুরিং থানার এসআই মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগ্রাবাদ এলাকায় শামীন অ্যাসোসিয়েট নামে একটি প্রতিষ্ঠানে এ আগুন লাগে।

ঘটনার পর গুরুতর দগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তবে উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাদরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয় বলে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এস খালেদ জানান।

তিনি বলেন, তিনজনের মধ্যে দুইজনের শরীরের ৭০ এবং একজনের ৬০ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে তিনজনেরই।

দগ্ধদের মধ্যে মাসুদ হাসানের অবস্থা আশঙ্কাজনক।

শামীন অ্যাসোসিয়েটে কর্মরত মো. শিশির জানান, গত ১ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটি নতুন কার্যালয়ে কাজ শুরু করেছে। সকাল সোয়া ৯টার দিকে মাসুদ হাসান তার দুই অফিস স্টাফকে নিয়ে প্রতিষ্ঠান খুলে অফিস করছিলেন।

আনুমানিক পৌনে ১০টার দিকে হঠাৎ কক্ষে বিস্ফোরণে তারা তিনজন দগ্ধ হন। পাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ডবলমুরিং থানার সেকেন্ড অফিসার নুর ইসলাম বলেন, সকালে অফিস খুলে কাজ করতে যাওয়ার সময় অফিস কক্ষের বৈদ্যুতিক সুইচ দেওয়ার সাথে সাথে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।  

টিনশেড সেমিপাকা এক কক্ষের কার্যালয়টিতে ছোট একটি রান্না ঘর রয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানে চুলা না থাকলেও গ্যাসের সংযোগ ছিল।

বিস্ফোরণের পর ওই প্রতিষ্ঠানটির চালা উড়ে গেছে এবং দরজা ভেঙে গেছে। এছাড়া আসবাব ও কাগজপত্রসহ বেশকিছু সরঞ্জাম পুড়ে যায়। এর পাশে আরও কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।

বিস্ফোরণে পরপর ঘটনাস্থল পরিদর্শন করে নগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ফায়ার সার্ভিস সদস্যরা জানান, লাইন থেকে গ্যাস নির্গত হয়ে রুমের ভেতর জমে থাকায় এ বিস্ফোরণ ঘটেছে।

বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠানটিতে থাকা গ্যাসের লাইনের সুইচ বন্ধ থাকলেও সেটি দিয়ে হাল্কা গ্যাস নির্গত হচ্ছিল।

সারারাত কক্ষটি বন্ধ থাকায় সেখানে গ্যাস জমে গিয়েছিল। ওই কারণে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন বলেন, গ্যাস লাইন দিয়ে হাল্কা হাল্কা গ্যাস নির্গত হওয়ায় কক্ষটিতে গ্যাস জমে গিয়েছিল। বৈদ্যুতিক সুইচ দেওয়ার কারণে শর্টসার্কিট থেকে নির্গত গ্যাসে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।