খেলা হবে নির্বাচনী মাঠে: নাসিম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার সন্ধ্যায় নগরীর মুসলিম ইন্সটিটিউট হলে প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যদি সাহস থাকে নির্বাচনী মাঠে আসেন। ইনশাল্লাহ খেলা হবে। ফাইনাল খেলা হবে। কিন্তু বলবেন এটা পাইনি-ওটা পাইনি, নির্বাচন করব না। যদি ফেরত যান বাটি চালান দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না।
“আন্দোলনের কথা বলেন, আন্দোলনের চ্যাম্পিয়নরা এখানে বসে আছি। আমাদের আন্দোলনের ভয় দেখাবেন না। আন্দোলন যখন হইছে মাঠে থাইক্যা মাইর খাইছি। মাঠ ছেড়ে পলাই যাই নাই। আপনারা আন্দোলনের কথা বলেন আবার সব ফেলে পালিয়ে যান।”
আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, “নির্বাচন হবে ১৮ (২০১৮) এর ডিসেম্বরে। বিজয়ের মাসে। ডিসেম্বর মাস হলো বাঙালির বিজয়ের মাস, নৌকার বিজয়ের মাস, বঙ্গবন্ধুর বিজয়ের মাস। বিজয়ের মাসে ইনশাল্লাহ আবার আমরা বিজয়ী হব।
“খালেদা জিয়াকে বলে যাই, বিএনপিকে বলে যাই- নির্বাচন হবে, সংবিধান অনুযায়ী হবে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। অন্য কোনোভাবে নির্বাচন হবে না, হওয়ার কোনো প্রশ্নই ওঠে না।”
স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “তত্ত্বাবধায়ক আর সহায়ক এগুলি নিয়ে ঘরের মধ্যে বসে থাকেন। লাভ কিছুই হবে না। কোনো সহায়ক, তত্ত্বাবধায়ক হবে না।
মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)
শেখ হাসিনা একনাগাড়ে দশ বছর ক্ষমতায় আছেন বলেই ‘উন্নয়ন’ হচ্ছে মন্তব্য করে নাসিম বলেন, সরকার নীতি বাস্তবায়নের জন্য দশ বছর সময় পেয়েছে। তারপরও অনেক কাজ বাকি আছে। এই কাজ শেষ করতে হলে সময় আবার দিতে হবে। সময় দেওয়া ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
প্রয়াত আখতারুজ্জামান বাবুকে বিএনপি আমলে ‘মিথ্যা মামলা’ দিয়ে দেশ ছাড়া করা হয় বলে অভিযোগ করেন নাসিম।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রয়াত আখতারুজ্জামানের ছেলে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এম এ সালাম, উত্তরের সভাপতি নুরুল আলম চৌধুরী প্রমুখ।
