২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণের টাকা আত্মসাতে ব্যবসায়ীর ১৪ বছরের কারাদণ্ড

জায়গার ভুয়া কাগজপত্র দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের দুই মামলায় এক ব্যবসায়ীকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 06:39 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

রোববার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ব্যবসায়ী রতন কুমার বিশ্বাস কক্সবাজারের মেসার্স আজমীর সল্ট ক্রাসিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বর্তমানে পলাতক।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তিন আসামিকে খালাস দিয়েছেন। এরা হলেন- রতনের ব্যসায়িক সহযোগী মুজিবুদ্দৌলা, সোনালী ব্যাংকের কর্মকর্তা প্রকাশ কান্তি ধর ও গোলাম রহমান। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী দুদকের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়ী রতন কুমার বিশ্বাস নিজের জায়গার ভুয়া কাগজপত্র দিয়ে কক্সবাজার সোনালী ব্যাংক থেকে দুই দফায় এক কোটি ৩৫ লাখ ৫৫ হাজার ও আট লাখ টাকা ঋণ নিয়ে তা আর পরিশোধ করেননি।

এই ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক মুহিবুল ইসলাম ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর চারজনকে আসামি করে আদালতে দুটি মামলা করেন।

দুটি মামলারই অভিযোগপত্র জমা দেওয়া হয় ২০০৪ সালের ৩১ জুলাই। অভিযোগ গঠন করা হয় ২০০৬ সালের ৩১ জুলাই। মামলা দুটিতে ১৮ জন সাক্ষ্য দিয়েছেন।

দুই মামলার মধ্যে এক কোটি ৩৫ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাতের ঘটনায় সাত বছর কারাদণ্ড ও সমপরিমাণ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দিয়েছেন বিচারক।

আর আট লাখ টাকা আত্মসাতের মামলায় সাত বছরের দণ্ডের পাশাপাশি সমপরিমাণ অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।