চট্টগ্রামে প্রাইভেট কারে ৩৯৬ বোতল ফেনসিডিল
চট্টগ্রামের প্রবেশপথ সিটি গেইট এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ তিন জনকে গ্রেপ্তার করে র্যাব।
বৃহস্পতিবার গভীর রাতে র্যাব-৭ এর সদস্যরা ওই অভিযান চালায় বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার তিন জন হলেন- আকবর হোসেন রতন (২৪), কাউছার (২১) ও নুরুল আমিন (২৪)।
র্যাব-৭ এ দায়িত্বরত সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি প্রাইভেটকার ফেনসিডিল নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামে আসার খবরে তারা অভিযান চালান।
“ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেইট এলাকায় মক্কা হোটেলের সামনে প্রাইভেট কারটিকে থামার সংকেত দেওয়া হলে গাড়ি থামিয়ে তিন জন পালানোর চেষ্টা করে। তখন র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করে।”
পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৯৬ বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে মিমতানুর রহমান জানান।
এ ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরীর আকবর শাহ থানায় একটি মামলা করা হয়েছে।
