২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাসব্যাপী উইমেন এক্সপো শুরু

নগরীর পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং উইমেন চেম্বারের আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে মাসব্যাপী উইমেন এক্সপো শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম  ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 10:39 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

বৃহস্পতিবার বিকালে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীর ক্ষমতায়নকে আরও বেগবান করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর নারী শ্রমিক উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নেওয়ার ফলে আজ নারী শ্রমিকরা অনেক এগিয়ে গেছে।

“প্রধানমন্ত্রী নারীবান্ধব হয়ে যে সুযোগ-সুবিধা সৃষ্টি করে যাচ্ছেন, তা পৃথিবীর অন্য কোথাও নেই। নারী উদ্যোক্তা হিসেবে চট্টগ্রামের মেয়েরা অনেক এগিয়ে আছেন।”

শহরের পাশাপাশি গ্রামীণ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সংস্থা বা সংগঠনকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। 

চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ নিয়ে একাদশতম বারের মতো আন্তর্জাতিক এসএমই এক্সপোর আয়োজন করেছে।

চিটাগাং উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল, সাবিহা নাহার বেগম, বেগম ওয়াসেকা আয়েশা খান, বেগম মাহজাবীন মোরশেদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি কামরুন মালেক।

এবারের মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরো, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বাস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এসএমই ফাউন্ডেশন ও জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার সহযোগিতা করছে।

মেলায় ছোট বড় প্রায় সাড়ে তিনশটি স্টল এবং ১৫টি প্যাভেলিয়ন রয়েছে।