২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তত ৭৫ লাখ লোককে আয়করের আওতায় আনতে হবে: গৃহায়নমন্ত্রী

উন্নত দেশ হওয়ার লক্ষ্যমাত্রা পূরণে অন্তত ৭৫ লাখ লোককে আয়করের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 02:58 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ‘আয়কর মেলা ২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মোশাররফ বলেন, ‍“প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন। আমি মনে করি সেটা আরও আগেই পূরণ করা সম্ভব, যদি আমরা সবাই ট্যাক্স দিই।

“ভয়ভীতি না দেখিয়ে করের আওতা বাড়ানোই লক্ষ্য হওয়া উচিত। ১৬ কোটি মানুষের মধ্যে এক কোটি টিআইএন হওয়া উচিত। অন্ততপক্ষে ৭৫ লাখ লোককে করের আওতায় আনতে হবে। তাহলে অর্থনীতি শক্তিশালী হবে।”

মন্ত্রী বলেন, “সক্ষমরা যদি সবাই কর দেই, তাহলে ২০৩১ সালের মধ্যেই উন্নত দেশের লক্ষ্য অর্জন সম্ভব বলে বিশ্বাস করি।”

আয়করের আওতা বাড়ানোর তাগিদ দিয়ে মোশাররফ হোসেন বলেন, “একটা মুরগি বারবার জবাই করলে হবে না। এক মুরগি তিনবার কাটলে কিছু থাকে না। মুরগির সংখ্যা বাড়াতে হবে।

“১৬ কোটি মানুষের মধ্যে মাত্র ১২ লাখ মানুষ ট্যাক্স পে করি। এত কম করলে কী হবে? দেশে অনেক গ্রোথ সেন্টার বাড়ছে। কিন্তু তারা ট্যাক্স দিচ্ছে না। শুধু শহরে না করে, গ্রামাঞ্চলেও আয়কর মেলা করা উচিত।”

তিনি বলেন, ‍“আয়কর বিভাগ বন্ধুসুলভ আচরণ করে বুঝিয়ে যদি ব্যবসায়ীদের বলে- আয়কর দিলে লাভ হবে, তাহলে কাজ হবে। তখন সবাই চাইবে হোয়াইট মানি রাখতে। ব্ল্যাক মানি থাকলে বুক ফুলিয়ে হাঁটতে পারে না।”

আগামী অর্থবছরে সাড়ে চার লাখ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‍“সবাই যদি আয়কর দিই তাহলে বাজেটের আকার আরও বাড়বে।

“সরকার ৬০ রকমের সামাজিক নিরাপত্তা সেবা দিচ্ছে। করের হার যত বেশি হবে, দেশ তত উন্নত হবে।”

ভ্যাট বিষয়ে মন্ত্রী মোশাররফ বলেন, “পৃথিবীর অন্য দেশেও ভ্যাট আছে। কোনো কোনো দেশে ৭ শতাংশ। আমরা যদি ১৫ শতাংশ থেকে ৭ শতাংশ করি তাহলে আদায় ৪ গুণ হবে।

“কারণ তখন সবাই গিয়ে দিয়ে আসবে। ১৫ শতাংশ বোঝা হয়ে যায়। কিছুটা সহনীয় পর্যায়ে আনতে হবে।”

দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে অবিলম্বে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার চালু করারও দাবি জানান মন্ত্রী।

তিনি জানান, আগামী তিন মাসের মধ্যেই আয়কর ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। ৪০ তলা বিশিষ্ট ওই ভবনটিই হবে চট্টগ্রামের সব থেকে উঁচু ভবন।

আয়কর বিভাগ চট্টগ্রাম আয়োজিত সপ্তাহব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-১ এর কর কমিশনার মাহবুব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এবং উইমেন চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবিদা মোস্তফা।

মেলার প্রথম দিনই সকাল থেকে ব্যাপক লোক সমাগম দেখা গেছে।