ধর্মঘট থেকে সরে আলোচনায় চট্টগ্রামের পরিবহন শ্রমিকরা
সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনায় বসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
সোমবার রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ওজন স্কেলে হয়রানি, মহাসড়কে পুলিশি নির্যাতন বন্ধসহ ৫ দফা দাবিতে গত রোববার সকালে থেকে ধর্মঘট শুরু করে বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এই কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দর থেকে ট্রাক, কভার্ড ভ্যান, লরিতে করে পণ্য পরিবহন বন্ধ হওয়ার পাশাপাশি চট্টগ্রাম থেকে সারাদেশে পণ্য পরিবহনও বন্ধ হয়ে পড়েছিল।
বৈঠকে আলোচনা শেষে আগামী রোববার সেতু মন্ত্রণালয়ে বিআরটিএ, হাইওয়ে পুলিশ, টোলপ্লাজার প্রতিনিধি, মালিক-শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে সব মতপার্থক্য দূর করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের।
৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নবগঠিত মালিক শ্রমিকদের সাময়িক জোটের আহ্বায়ক চৌধুরী জাফর আহাম্মদ, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিকীসহ বেশ কয়েকজন নেতা বৈঠকে উপস্থিত ছিলেন। বিআরটিএ কর্মকর্তারাও সেখানে ছিলেন।
মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ওভারলোড নিয়ন্ত্রণের নামে মহাসড়কে হয়রানি ও চাঁদবাজি করা হচ্ছে। মহাসড়কে পুলিশি নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছে পরিবহন শ্রমিকরা। এসব কারণে বাধ্য হয়ে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন।
চট্টগ্রাম বন্দরের কাছে ট্রাক, কভার্ডভ্যান ও প্রাইমমুভারের জন্য আলাদা টার্মিনাল নির্মাণের দাবি জানান ঐক্য পরিষদের আহ্বায়ক চৌধুরী জাফর আহাম্মদ।
