গৃহকর: ফেব্রুয়ারির মধ্যেই আপিল নিষ্পত্তি চান মেয়র নাছির
বর্ধিত গৃহকরের বিরুদ্ধে আন্দোলনের মধ্যেই আপিল নিষ্পত্তির কার্যক্রম শুরু করে আগামী ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
রোববার নগর ভবনে গৃহকরের আপিল বোর্ডের কার্যক্রমের শুরুতে আবেদনকারীদের এবং পরে সংবাদকর্মীদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র নাছির বলেন, “ইতোমধ্যে ৪৮ হাজার আপিল জমা পড়েছে। ১১ নভেম্বর পর্যন্ত আপিল আবেদনের সময় আছে। দেখে আবার হয়ত আমরা আবেদনের সুযোগ দেব।
“সব আপিল নিষ্পত্তি করব। আমাদের টার্গেট হলো ফেব্রুয়ারির মধ্যে সব শেষ করার। আপনারা সহযোগিতা করলে আরও আগেই হয়ত করতে পারব।”
রোববার একটি আপিল বোর্ডের কার্যক্রম শুরু হলেও দ্রুততম সময়ে আরও সাতটি আপিল বোর্ড গঠন করা হবে বলেও জানান মেয়র।
তিনি বলেন, আটটি রাজস্ব সার্কেল আছে। যে ওয়ার্ডগুলো নিয়ে সার্কেলগুলো গঠিত সেই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো স্থানে সার্কেল করব। যাতে এলাকাবাসীর সুবিধা হয়।
“আগামী তিন-চারদিনের মধ্যেই তা করব। সেসব বোর্ডে কোন দিন থেকে আপিল শোনা হবে, তা জানাব।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রাথমিক পুনর্মূল্যায়নে সর্বমোট এক লাখ ৮৫ হাজার ২৪৮টি হোল্ডিংয়ের বিপরীতে প্রস্তাবিত গৃহকর দাবি ৮৫১ কোটি ৩০ লাখ টাকা।
এর মধ্যে নতুন ২৮ হাজার ৭০২ হোল্ডিংয়ের বিপরীতে গৃহকর দাবি ৪৭ কোটি ৪৯ লাখ টাকা।
গত বছরের মার্চে চট্টগ্রাম সিটি করপোরেশন কর পুনর্মূল্যায়ন শুরু করলে আন্দোলনের ডাক দেয় করদাতা সুরক্ষা পরিষদ নামের বাড়িওয়ালাদের একটি সংগঠন।
বর্ধিত হার প্রত্যাহার করে আগের নিয়মের আয়তনের ভিত্তিতে কর ধার্য না হলে গৃহকর দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে পরিষদের বিভিন্ন সভা থেকে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীও গৃহকর পুনর্মূল্যায়নের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “এই নগরটা তো আমাদেরই। এখানে রাজনীতি থাকতে পারে না। ব্যক্তিগতভাবে এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম না।
“সিটি করপোরেশন হলো নগরবাসীর ঠিকানা। কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, কে জাতীয় পার্টি করলো বা অন্যান্য দল করলো, কে কোন ধর্মের অনুসারী, কে কোন অঞ্চলের এটি কোনো বিবেচ্য বিষয় নয়।”
নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, “এখন আপনাদের যে অসন্তুষ্টি থাকতেই পারে রাস্তাঘাটের অবস্থার কারণে। এগুলো সব দূর হয়ে যাবে।
“নগরবাসী বাণিজ্যিক রাজধানীর সুফল যাতে পায় সেই চেষ্টা ও পরিকল্পনা নিয়ে আমি এগোনোর চেষ্টা করছি।”
‘বিরোধিতার কারণে বিরোধিতা করবেন না’
গৃহকর পুনর্মূল্যায়নের বিরোধিতা নিয়ে মেয়র নাছির বলেন, “সবসময় বলেছি আইনি কাঠামোর কারণেই এই এসেসমেন্ট আমরা করেছি। সর্বোচ্চ সহনীয় পর্যায়ে আমরা রাখব।
“এসেসমেন্ট আমরা আইনি কাঠামোর কারণে করেছি। যারই যে বক্তব্য থাকবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেসেমেন্ট পুনর্নির্ধারণ করব। এসেসমেন্টের ভিত্তিতে করটা নির্ধারণ করব।”
প্রক্রিয়া সম্পন্ন করার আগে প্রশ্ন তোলা দায়িত্বশীলতার পরিচয় নয় বলে মন্তব্য করেন নাছির।
“যারা আন্দোলন করছে অবাক লাগে আগের এসেসমেন্টের সময় কেউ প্রশ্ন উত্থাপন করেনি। ঢালাওভাবে কিছু বলার সুযোগ নেই। যেগুলো করা হচ্ছে পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। জনগণ বিভ্রান্ত হলে চট্টগ্রামের উন্নয়ন তো আমরা করতে পারব না। এটাই কারও উদ্দেশ্য থাকতে পারে।”
“বিরোধিতার কারণে বিরোধিতা করবেন না। জনগণকে বলব আমাদের ওপর আস্থা বিশ্বাস রাখুন,” বলেন তিনি।
