২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি’ দেওয়ার সময় যুবক আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় আরেকজনের হয়ে অংশ নিতে এসে ধরা পড়েছেন এক যুবক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2017, 09:10 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

শাহেদুলের বাড়ি কক্সবাজাররের উখিয়ায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জীব বিজ্ঞান অনুষদের ৩০৩ নম্বর কক্ষে পরীক্ষা দিতে বসা শাহেদুল ইসলাম খাতায় রোল লেখে ২১২২৫১।

“পরিদর্শকের স্বাক্ষরের পর শাহেদুল রিমুভেবল কলম দিয়ে নিজের নাম-রোল মুছে পরীক্ষার্থীর নাম শাহিন মিয়া এবং রোল ২৪২৬৬১ লেখে। ওই রোলটির নির্ধারিত কেন্দ্র ছিল নগরীর ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের ৩০৪ নম্বর কক্ষ।”

পরীক্ষকরা বিষয়টি চিহ্নিত করার পর শাহেদুলকে আটক করা হয় বলে জানান সহকারী প্রক্টর লিটন মিত্র।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহেদুল ইসলাম জানিয়েছেন তিনি এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।”

প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করায় শাহেদুলকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হল থেকে জাহেদুল ইসলাম নামের এক বহিরাগতকে আটক করা হয়েছে।

প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, বহিরাগত জাহেদুল ছাত্রাবাসে প্রবেশের কোনো কারণ সম্পর্কে সদুত্তর দিতে পারেনি। তার গতিবিধি সন্দেহজনক।

নোয়াখালি জেলার বাসিন্দা জাহেদুল ইসলামকে শনিবার সন্ধ্যায় হাটহাজারী থানায় হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুপস্থিত ৩৬১৩

এদিকে শনিবার ‘খ’ ইউনিটের পরীক্ষায় তিন হাজার ৬১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. মো. সেকান্দর চৌধুরী।

এই বিভাগের এক হাজার ৩৪৬টি আসনে ভর্তির জন্য ২৯ হাজার ৩১৩ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নিয়েছেন ২৫ হাজার ৭০০ জন।