চুয়েটে আইইইই ডে পালিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দ্বিতীয়বারের মত ইন্সটিটিউট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইই) ডে-২০১৭ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজনে ক্যাম্পাসে দিবসটি পালন করা হয়।
সকালে কেক কেটে ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
শোভাযাত্রায় অংশ নেন অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া, অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ, ড. মো. আজাদ হোসেন, ড. মোহাম্মদ রুবায়েত তানভীর হোসেন প্রমুখ।
চুয়েট ওয়েস্ট গ্যালারিতে টেকনিক্যাল সেশনে নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশনে লিনাক্সের গুরুত্ব তুলে ‘লিনাক্স অ্যান্ড ভারচুয়ালাইজেশন’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন এ টি এম লুৎফুল ইসলাম।
দ্বিতীয় সেশনে ইউনিপোলার অটোমেশন টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবির রাজু প্রযুক্তি ব্যবসার কৌশল ও কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন।
আইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ দিবসটি উপলক্ষে দ্বিতীয়বারের মত প্রকাশিত ‘আইইইই ইয়ারলি রিকারেন্স’ শীর্ষক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
দিনব্যাপী আয়োজনে চুয়েটের শিক্ষার্থীরা প্রজেক্ট প্রদর্শনী করেন।
