রেহিঙ্গা সংকট সমাধানে ত্রিপক্ষীয় আলোচনা চান নোমান
মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে রোহিঙ্গা সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শুক্রবার বিকেলে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শনিবারের চট্টগ্রাম ও কক্সবাজার সফর সামনে রেখে কর্মী সমাবেশ হয়।
সমাবেশের প্রধান অতিথি সাবেক মন্ত্রী নোমান বলেন, “রোহিঙ্গা সমস্যা নিয়ে আমাদের জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে এবং ভারত ও চীনের ভূমিকা রোহিঙ্গাদের পক্ষে দৃশ্যমান ও জোরদার হতে হবে।
“বাংলাদেশের সাথে মিয়ানমারের দ্বিপক্ষীয় আলোচনায় রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। জাতিসংঘের মধ্যস্থতায় ত্রি-পক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।”
বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টো গোলাম আকবর খোন্দকার সমাবেশে বক্তব্য দেন।
মহানগর বিএনপির সভাপতি ডা. শাহদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি এম এ সবুর ও অ্যাডভোকেট আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
