চট্টগ্রামে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
কায়সার হামিদ নামের ২২ বছর বয়সী ওই যুবকের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শহরের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান জানান।
তিনি বলেন, “কায়সার পেশাদার মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে আগেও পাঁচটি মামলা আছে। গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার চকসুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”
পরিদর্শক ইলিয়াছ বলেন, কায়সার গাঁজার বস্তা নিয়ে বিক্রির জন্য ওই এলাকায় অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।
“কায়সার জিজ্ঞাসাবাদে বলেছে, শাহ আলম নামে এক মাদক বিক্রেতার হয়ে সে গাঁজা বিক্রি করে। গতকাল শাহ আলম তাকে গাঁজার বস্তা দিয়ে চকবাজার এলাকায় অন্য এক লোকের কাছে বিক্রির জন্য পাঠিয়েছিল।”
কায়সারের বিরুদ্ধে চকবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান ইলিয়াছ।
