২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের টাকাসহ গ্রেপ্তার সিসিসি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার চট্টগ্রাম সিটি করপোরেশনের সেই কর্মকর্তার বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 11:02 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-২ এর ভারপ্রাপ্ত উপ-কর কর্মকর্তা আলী আকবরের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্তে ঘুষ গ্রহণের অভিযোগটি প্রতিষ্ঠিত হওয়ায় কমিশন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগপত্র অনুমোদন দিয়েছে।”

শিগগিরই এই অভিযোপত্র আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রনব।

গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট সিটি করপোরেশ সার্কেল-২ কার্যালয় থেকে ঘুষের ২০ হাজার টাকাসহ আলী আকবরকে গ্রেপ্তার করে ওই দিনই নগরীর চান্দগাঁও থানায় মামলা করে দুদক।

সিটি করপোরেশনের ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, চান্দগাঁও থানার রূপালী আবাসিক এলাকার মো. হানিফ নামের এক ব্যক্তি একটি ভবন ক্রয় করেন। আর ভবন দেখাশোনার দায়িত্বে ছিলেন জামাল উদ্দিন নামে এক ব্যক্তি। জামাল উদ্দিন ভবনটির হোল্ডিং নম্বর পরিবর্তনের জন্য আলী আকবরের সঙ্গে যোগাযোগ করলে তিনি ‘৪০ হাজার টাকা ঘুষ’ দাবি করেন। পরে ২০ হাজার টাকায় রফা হয়। ঘুষের ওই টাকা গ্রহনের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান বাদী হয়ে করা মামলাটি তদন্ত করেছেন দুদকের সহকারী পরিচালক জাফর আহমেদ।

পুরনো খবর:

‘ঘুষের টাকাসহ’ হাতেনাতে ধরা সিসিসি কর্মকর্তা