নাগরিক সেবায় চট্টগ্রাম সিটি করপোরেশনের কল সেন্টার ও অ্যাপ চালু
নাগরিকদের সেবায় চট্টগ্রাম সিটি করপোরেশন কল সেন্টার ও মোবাইল অ্যাপ চালু করেছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম নগরভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কল সেন্টার ও অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জুনাইদ আহমেদ পলক বলেন, “ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের সাথে সংযুক্ত। বাংলাদেশ দুর্নীতি ও হয়রানিমুক্ত দেশ হিসেবে আবির্ভূত হতে চলেছে। ধীরে ধীরে আইসিটি পলিসি বাস্তবায়ন করছে বাংলাদেশ।”
তিনি বলেন, ইন্টারনেট এর মাধ্যমে দেশে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টসহ বিভিন্ন ধরনের সেবা নিশ্চিত করা হয়েছে। জেলায়, উপজেলায় ফাইবার অপটিক ক্যাবল সংযোজন দেওয়া হচ্ছে। আট কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ই-মেইল ইউটিলিটি সার্ভিস দেওয়া হচ্ছে।
দেশে ৫২৭২টি ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে উল্লেখ করে পলক বলেন, ২০২১ সালের মধ্যে সবার হাতের মুঠোয় সেবা পৌছে দেওয়া হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সব সেবামূলক কাজে আইসিটি ডিভিশন থেকে সহযোগিতা দেওয়া হবে।
২০২১ থেকে নগদ লেনদেন থাকবে না উল্লেখ করে তিনি বলেন, “সকল লেনদেন অনলাইনে সম্পন্ন হবে। পেপারলেস হবে অফিসিয়্যাল কার্যক্রম।”
প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনকে ডিজিটাল স্মার্ট সিটিতে উন্নয়নে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় টেকনিক্যাল সাপোর্ট দেবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন তার নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “নাগরিক সেবা ‘ডোর টু ডোর’ পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিজিটাল সেবা নিশ্চিত করা হবে। চট্টগ্রামকে অর্থনীতির হাব হিসেবে গড়ে তুলে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া হবে।”
অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা মুহম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
