মাদকের মামলায় তিনজনের সাজা
ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মামলায় দুইজনকে আট বছর করে কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। এছাড়া অপর এক মামলায় আরেকজনকে দেওয়া হয়েছে সাত বছরের সাজা।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন।
আট বছর সাজাপ্রাপ্তরা হলেন- শাজাহান (২৭), মানিক (২০)। সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে মো. ওসমানকে।
শাহজাহান ও মানিক দুইজনই কারাগারে আছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিচারক রায়ে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও একমাসের দণ্ড দিয়েছেন।
২০১৫ সালের ২৮ ডিসেম্বর নগরীর রাজাখালী এলাকায় কক্সবাজার থেকে আসা একটি কর্ভাড ভ্যানে তল্লাশি চালিয়ে ৫২ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এই ঘটনায় দুই আসামির বিরুদ্ধে গত বছরের ২২ ফেব্রুয়ারি অভিযোগপত্র জমা এবং ২৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠন করা হয়।
অপরদিকে অপর এক ঘটনায় ২০০০ ইয়াবাসহ গ্রেপ্তার ওসমানকে সাত বছর দণ্ড দিয়েছে একই আদালত।
তাকে একইসাথে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত মো. ওসমান জামিন নিয়ে পলাতক রয়েছেন বলে পিপি ফখরুদ্দিন জানান।
২০১৬ সালের ৩ অগাস্ট ওসমানকে নগরীর ব্রিজঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় গত বছরের ৫ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল এবং ১০ নভেম্বর অভিযোগ গঠন করা হয়।
