২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের রাউজান ও ফটিকছড়িতে আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 03:57 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

মঙ্গলবার সকালে রাউজান উপজেলার ব্রাহ্মণহাট ও ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় এ দুই দুর্ঘটনা ঘটে।

রাউজানে নিহত সেকান্দর হোসেন (৬০) রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকার বাসিন্দা। আর ফটিকছড়িতে নিহত আমেনা খাতুন (৪৮) উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্রাহ্মণহাট এলাকায় একটি ট্রাক একটি অটোরিকশাকে চাপা দিলে যাত্রী সেকান্দর গুরুতর আহত হন।

“বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় অটোরিকশা চালক আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।

এদিকে ফটিকছড়ির বিবিরহাট এলাকায় দুর্ঘটনায় আমেনা খাতুন মারা যান গাড়ি চাপায়।

এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বাড়ি থেকে বিবিরহাট এলাকার পপুলার হাসপাতালে ডায়বেটিস পরীক্ষা করাতে এসেছিলেন আমেনা খাতুন।

“ফেরার পথে একটি গাড়ি তাকে চাপা দেয়। তবে কী ধরনের গাড়ি চাপা দিয়েছে সে বিষয়ে জানা যায়নি।”

চট্টগ্রাম মেডিকেলে আনার পর বেলা ১১টার দিকে মারা যান আমেনা।