চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়
হাটহাজারী গ্রিড সাবস্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় সৃষ্টি হয়েছে।
চট্টগ্রামে পিডিবির সিনিয়র সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, বুধবার বিকাল সাড়ে ৫টায় হাটহাজারী গ্রিড সাব স্টেশনের ব্রেকার নষ্ট হয়ে গেলে সরবরাহ বন্ধ হয়ে যায়।
মেরামত শেষে সাড়ে ৭টার দিকে আবার সরবরাহ শুরু হলে চার জেলার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে বেলা পৌনে ১টার দিকে হাটহাজারী-কাপ্তাই ও হাটহাজারী-ফেনী সঞ্চালন লাইনে কারিগরী ত্রুটির ফলে চট্টগ্রামে পৌনে এক ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে।
পিডিবি কর্মকর্তা মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে সঞ্চালন লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ ছিল না। বেলা ১টা ২৫ মিনিটে ত্রুটি সারনোর পর ধীরে ধীরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।”
কিন্তু বিকালে হাটহাজারী গ্রিড সাবস্টেশনে গোলযোগ দেখা দিলে আবারও সরবরাহ বন্ধ হয়ে যায় জানিয়ে তিনি বলেন, “৭টার পর থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ আবার শুরু করা সম্ভব হয়।”
বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী চিংহ্লামং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের জেলা প্রতিনিধিকে জানান, সরবরাহ না পাওয়ায় বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ২৪ মিনিট পর্যন্ত জেলায় বিদ্যুৎ ছিল না।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাঙামাটি জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার আমাদের জেলা প্রতিনিধিকে জানান, তার জেলায় পুরো সময় বিদ্যুৎ বন্ধ না থাকলেও বেশ কয়েকবার বিদ্যুৎ চলে যায়।
খাড়াছড়িতে বিকাল ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না বলে জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু জাফর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিকে তিনি বলেন, “জাতীয় গ্রিডে সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে।”
চট্টগ্রাম অঞ্চলে প্রতিদিন গড়ে এক হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। উৎপাদনে ঘাটতি থাকায় এখন প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ মেগাওয়াট লোড শেডিং করতে হয় বলে পিডিবি কর্মকর্তারা জানান।
পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, “গ্রিড সাবস্টেশনের ব্রেকার মেরামত করা হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”
