২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাড়ির সামনে ছুরি মেরে যুবক হত্যা

চট্টগ্রাম নগরীর সুপারিওয়ালা পাড়ায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2017, 06:15 PM

Updated : 19 Aug 2022, 05:42 PM

নিহত মো. ইমন (২৬) নগরীর ডবলমুরিং থানাধীন সুপারিওয়ালা পাড়ার আবদুল হাকিমের ছেলে।

শনিবার ভোর ৫টার দিকে সুপারিওয়ালা পাড়ার গফুর সওদাগরের বাড়ির সামনে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানান ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভোরের দিকে বাড়ি ফেরার পথে ইমনকে দুষ্কৃতিকারীরা তার বাড়ির সামনেই ছুরিকাঘাত করে। পরে স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

ইমনের পায়ে ছুরিকাঘাত করা হয়েছে জানিয়ে ওসি সেলিম বলেন, “তার পূর্ব পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।”