প্রকল্প বাস্তবায়নে অদক্ষতায় প্রকট নাগরিক দুর্ভোগ: মহিউদ্দিন
চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও প্রকল্প বাস্তবায়নে অদক্ষতা, পরিকল্পনাহীনতা ও সমন্বয়হীনতার কারণে নাগরিক দুর্ভোগ প্রকট হয়েছে বলে অভিযোগ করেছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরীর।
শুক্রবার দুপুরে নগরীর চশমা হিলে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা দেখা করতে গেলে এসব নগর আওয়ামী সভাপতি এসব অভিযোগ তোলেন মহিউদ্দিন চৌধুরী।
নগর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।
মহিউদ্দিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন।
“প্রকল্প বাস্তবায়নে তিনি যে কর্তৃপক্ষকেই দায়িত্ব দেন না কেন তা যেন সব দায়িত্বশীল কর্তৃপক্ষের সমন্বয়ে যথাযথভাবে সম্পন্ন হয় সেজন্য আওয়ামী ঘরাণার রাজনীতিবিদ হিসেবে আমাদের সমান দায়িত্ব আছে।”
মহিউদ্দিন বলেন, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই প্রকল্পগুলো বাস্তবায়নের পথে অদক্ষতা, পরিকল্পনাহীনতা ও সমন্বয়ের অভাবে নাগরিক দুর্ভোগ প্রকট হয়ে উঠেছে। নগরবাসীর স্বাভাবিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
“বিভিন্ন সময় চট্টগ্রাম সিটি করপোরেশনসহ (সিসিসি) বিভিন্ন সেবাদানকারী সংস্থার সমস্যা, ভুল-ভ্রান্তি, অনিয়ম-দুর্নীতির বিষয় তুলে ধরে সমাধানের দাবি জানিয়েছি। দুঃখের বিষয় হলো আমার এ আকাঙ্খাকে তারা বাঁকা চোখে দেখেছেন।”
সরকার ও জনগণের মধ্যে যাতে দূরত্ব সৃষ্টি না হয় এবং নিজেদের সৃষ্ট ‘দুর্বলতা ও অযোগ্যতার’ সুযোগ কাজে লাগিয়ে বিরোধী দল যাতে ইস্যু সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবসময় সচেতন ছিলেন বলেও দাবি মহিউদ্দিনের।
তিনি বলেন, সরকারি সেবা সংস্থার প্রধান ও কর্মকর্তারা দলের যত বড় নেতা বা সরকারের পদস্থ কর্মকর্তা হোন না কেন তাদের অপির্ত দায়িত্ব বিচার-বিশ্লেষণ ও আত্মসমালোচনার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) বিশাল অংকের উন্নয়ন বরাদ্দ দিয়েছেন। হাজার কোটি টাকা ব্যয়ে কয়েকটি উড়াল সেতা বাস্তবায়িত করা ফলে কিছুটা সুফল এসেছে।
“কিন্তু বহদ্দারহাট থেকে লালখান বাজার, বহদ্দারহাট থেকে কাপ্তাই রাস্তা ও কর্ণফুলী দ্বিতীয় সেতু পর্যন্ত সড়ক কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়েছে।”
উড়াল সেতুর নিচের সড়ক সংরক্ষণ ও উন্নয়ন না হওয়ায় চলাচলের অনুপোযোগী হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেন মহিউদ্দিন।
এছাড়া সিসিসির হালনাগাদ গৃহকর এসেসমেন্ট ‘মনগড়া, অয়ৌক্তিক ও নির্বতনমূলক’ বলেও মন্তব্য করেন তিনি।
মহিউদ্দিন বলেন, নগরীর জলাবদ্ধতা, সড়কের বেহাল অবস্থা নিরসন ও অর্ধেক ওয়ার্ডের নাগরিক সুবিধা নিশ্চিত না করে ঢালাওভাবে গৃহকর ধার্য্য নগরবাসীর গলাকাটার সামিল। এর বিরূপ প্রভাবে নগরবাসী সংক্ষুব্ধ।
সিডিএ’র চেয়ারম্যান আবদুচ ছালাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং সিসিসি মেয়র আ জ ম নাছির উদ্দিন নগর কমিটির সাধারণ সম্পাদক।
এছাড়া সেবা সংস্থাগুলোর মধ্যে ওয়াসা, পিডিবি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং পুলিশ প্রশাসনেরও সমালোচনা করেন সাবেক মেয়র মহিউদ্দিন।
গত ২ অক্টোবর রাতে মহিউদ্দিনের বাসায় নগর আওয়ামী লীগের এক জরুরি সভায় নগরীর ছয় সেবা সংস্থার প্রধানকে বিভিন্ন সমস্যা তুলে ধরে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়।
এরমধ্যে গৃহকর না বাড়াতে মেয়র নাছির বরাবরে দেয়া চিঠি গত ৫ অক্টোবর পৌঁছে দেওয়া হয়েছে।
