২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছুরি মেরে যুবক খুন

চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে ছুরি মেরে এক যুবককে খুন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 02:36 PM

Updated : 19 Aug 2022, 05:42 PM

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে  মালিপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে আকবর শাহ থানার ওসি মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

নিহত জয় দাশ (২৪) ওই এলাকার সুবোধ দাশের ছেলে। নগরীর ভিক্টোরিয়া জুট মিলে চাকরি করতেন তিনি। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আলমগীর বলেন, বৃহস্পতিবার রাতে লক্ষ্মী পূজায় বাজি পোড়ানো নিয়ে মালিপাড়ায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। 

“সকালে সুজন কুমার দাশ ওরেফ মনজু নামের একজনের নেতৃত্বে স্থানীয় কয়েকজন যুবক এসে জয়কে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে কৈবল্যধাম আশ্রমের কাছে ছুরি মেরে হত্যা করা হয়।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাড়ি পুলিশের নায়েক মো. আমির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সোয়া ১২টার দিকে জয়কে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।