মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪
চট্টগ্রামে এক মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বন্দরনগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসা থেকে বৃহস্পতিবার রাতে অপহৃত মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে এ চারজনকে গ্রেপ্তার করা হয়।
অপহৃত মাদ্রাসা ছাত্র মো. হেলাল (১৫) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বাসিন্দা। স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র তিনি।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে কর্ণফুলী উপজেলার বাড়ির কাছ থেকে হেলালকে অপহরণ করা হয়।
“পরে তার পরিবারের সাথে অপহরণকারীরা যোগাযোগ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”
গোয়েন্দা কর্মকর্তা হুমায়ন বলেন, বুধবার কর্ণফুলী থানায় ছেলেটির পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয় এবং বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এসে অভিযোগ জানায়।
এরপর থেকে অভিযান শুরু করে রাতে চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসা থেকে হেলালকে উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা পেশাদার অপহরণকারী দাবি করে হুমায়ন জানান, বিকালে নগর পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
