মেয়াদোত্তীর্ণ ওষুধ-অপরিচ্ছন্নতায় চট্টগ্রামের ক্লিনিককে জরিমানা
নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার পাশাপাশি অপরিচ্ছন্নতার দায়ে চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিককে তিন লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে বন্দরনগরীর চট্টেশ্বরী রোডের কসমোপলিটন হসপিটাল প্রাইভেট লিমিটেডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন।
ম্যাজিস্ট্রেট তানিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালটির অপারশেন থিয়েটারটির পরিবেশও ছিল অপরিচ্ছন্ন। এছাড়া অপরাশেন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ, লেভেল বিহীন ওষুধ, নিষিদ্ধ ইনজেকশন পাওয়া গেছে, যেগুলো হাসপাতালের রোগীদের অপারেশনে ব্যবহার করা হত।
এসব অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া একই ভ্রাম্যমাণ আদালত হালিশহর এলাকার হিউমান প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে।
ম্যাজিস্ট্রেট তানিয়া জানান, ডায়াগনস্টিক সেন্টারটি মেয়াদোত্তীর্ণ উপাদান ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা করছে। এছাড়া রেডিওলজি টেকনিশিয়ানদের কোনো প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদ পওয়া যায়নি।
গত ২৬ সেপ্টেম্বর নগরীর ওআর নিজাম রোডে মেডিকেল সেন্টারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
