পাইপে নিয়ে ইয়াবা পাচারে সময় যুবক গ্রেপ্তার
রাবারের পাইপের ভেতরে নিয়ে ইয়াবা পাচারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ থেকে এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
গ্রেপ্তার রনি ইসলাম (১৮) রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের আয়নাল হকের ছেলে।
বুধবার সকালে মহাসড়কে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনামিয়া ড্রাইভার বাড়ি এলাকায় হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আটকের পর তার কাছ থেকে ছয় হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা হাবিব বলেন, হানিফ পরিবহনের বাসটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। সোনামিয়া ড্রাইভার বাড়ি এলাকায় বাসটি তল্লাশি করে রনিকে গ্রেপ্তার করা হয়।
“রনি ইয়াবাগুলো একটি রাবারের পাইপ কেটে সেখানে বিশেষ কৌশলে রেখেছিল।”
তাকে তল্লাশি করার পর সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে পাইপটি বের হলে ওইসব ইয়াবা পাওয়া যায় বলে জানান হাইওয়ে পুলিশের এই ওসি।
