পাহাড় কেটে ঘর, ব্যবসায়ীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
পাহাড় কেটে ঘর তৈরির অভিযোগে এক ব্যবসায়ীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা ও সহকারী পরিদর্শক খন্দকার মো. তাহাজ্জুত আলী বাদি হয়ে এ মামলা করেন।
পাহাড়ের চূড়া কেটে সমতল করে কাঁচা ঘর নির্মাণের অপরাধে বাঙলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ) ও ১২ ধারায় মামলাটি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তাহাজ্জুত আলী।
মামলার আসামিরা হলেন- ব্যবসায়ী নুর নবী মারুফ (৩০) এবং মাটি কাটার শ্রমিক সোহাগ (৩০), রহমত উল্লাহ (৪৫) ও আব্দুর রাজ্জাক (৪২)।
এদের মধ্যে তিন শ্রমিককে সোমবার সন্ধ্যায় আকবর শাহ থানার ই-ব্লকের কবরস্থান পাহাড়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পরিবেশ অধিদপ্তরের অভিযান দল।
ব্যবসায়ী নুর নবী মারুফ নগরীর অকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির বাসিন্দা। তার নির্দেশেই পাহাড় কাটছিল শ্রমিকরা।
খন্দকার মো. তাহাজ্জুত আলী বলেন, “সোমবার রাতের অভিযানে দেখা গেছে, কবরস্থানের পাহাড়ের চূড়ায় কাঁচা ঘর নির্মাণের জন্য ১২ ফুট দৈর্ঘ্য এবং ১০ ফুট প্রস্থের পাহাড় কেটে সমতল করা হয়েছে।
অভিযানের সময় মাটি কাটার ও ঘর নির্মাণের সরঞ্জাম উদ্ধার করা হয়।
