ভাসমান সেজে দোকানের সামনে ঘুমিয়ে ভোরে চুরি, গ্রেপ্তার ৪
ভাসমান লোকের মতো ঘুরে ঘুরে দোকান টার্গেট করার পর রাত হলে তার সামনে গিয়ে চাদর বিছিয়ে শুয়ে পড়ে তারা; ভোরের দিকে চুরি করেই ওই এলাকা থেকে সটকে পড়ে।
চট্টগ্রামের স্টেশন রোড এলাকা থেকে এমন একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর এ তথ্য জানান নগর গোয়েন্দা পুলিশের এসআই শিবেন বিশ্বাস।
গ্রেপ্তাররা হলেন- বাদশা মিয়া (১৯), মো. সুমন (২২), কাশেম আলী (২৮) ও সাব্বির হোসেন (২০)।
এদের মধ্যে বাদশার বাড়ি কুমিল্লা, তবে থাকেন চট্টগ্রাম নগরীতে ভাসমান অবস্থায়। সুমন ভোলার ইলশা কলঘাট বাজার, কাশেম কুমিল্লার মুরাদনগর এবং সাব্বির কুমিল্লার দেবিদ্বারের হলেও তারা থাকেন নগরীর বাকলিয়া এলাকার বিভিন্ন স্থানে।
গ্রেপ্তারের সময় পুলিশ তাদের কাছ থেকে দোকানের শার্টার কাটার সরঞ্জাম, ব্যাগ, চাদরসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
নগর গোয়েন্দা পুলিশের এসআই শিবেন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগে থেকে খবর পেয়ে সোমবার রাতে বন্দরনগরীর স্টেশন রোড নূপুর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
“জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, নগরীর জেলা পরিষদ মার্কেটে তারা চুরির পরিকল্পনা করেছে। সে জন্য স্টেশন রোডে সবাই জড়ো হয়েছে।”
এসআই শিবেন বলেন, গত ছয় মাসে তারা চট্টগ্রামের হাটহাজারী, বালুছড়া, ঢাকা, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, বগুড়ার বিভিন্ন দোকানে দরজা কেটে চুরি করেছে বলে পুলিশকে জানিয়েছে।
তাদের চক্রে ১২ জন সদস্য থাকার কথা জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে তথ্য দিয়ে তিনি বলেন, চট্টগ্রাম নগরীর বাইরেও বিভিন্ন জেলা ও উপজেলায় কী পরিমাণ চুরি করেছে তার সুনির্দিষ্ট হিসেব দিতে না পারলেও তাদের কাছ থেকে আমরা প্রায় ১৭টি চুরি ঘটনা জানতে পেরেছি।
এ চক্রের সদস্যরা একবার কুমিল্লায় গ্রেপ্তার হয়েছে জানিয়ে এসআই শিবেন বলেন, তাদের শারীরিক গঠন ও বয়স দেখে লোকজন তাদের চোর বলে সন্দেহ করে না। ভাসমান লোকজনের মতো তাই কোনো দোকানের সামনে শুয়ে পড়লেও কেউ সন্দেহ করে না।
গ্রেপ্তাররা পুলিশকে জানায়, মূলত ভোর ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে টার্গেট করা দোকানে চুরি করে থাকে। তার আগে রাতে তারা ওই দোকানের সামনে চাদর বিছিয়ে শুয়ে পড়ে।
তবে কোনো স্বর্ণের দোকান কিংবা ভল্ট থাকতে পারে এমন দোকানে তারা চুরির চেষ্টা করে না বলেও পুলিশকে জানিয়েছে।
দুই-একজন দিয়ে এ ধরনের কাজ করা কষ্টকর হওয়ায় সংঘবদ্ধ ভাবে অবস্থান নেয়, তবে তারা একজন অন্যজনকে না চেনার ভান করে থাকে।
তাদের চুরির কৌশল সম্পর্কে পুলিশকে জানায়, তারা টার্গেট করা দোকানের সামনে গিয়ে ভাসমান লোকদের মতো চাদর বিছিয়ে শুয়ে থাকে। ভোরে ঘুম থেকে উঠার ভান করে একজন দাঁড়িয়ে চাদর ভাঁজ করে। একজন গিয়ে অপিরিচিত ব্যক্তির মতো করে কথা বলে।
চাদর ভাঁজের আড়ালে দুই-একজন দোকানের শার্টার কিংবা তালা কেটে ফেলে। কাটা হয়ে গেলে তাদের মধ্যে বাদশা প্রথমে দোকানে ঢুকে পড়ে। প্রয়োজন হলে অন্য কয়েকজন দোকানে ঢুকে পড়ে এবং বাকিরা বাইরে পাহাড়া দেয়।
এই চক্রের অন্যদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান এসআই শিবেন।
