২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৩১ কেজি ইলিশ উদ্ধার, ট্রলার মালিকের সাজা

প্রজনন মৌসুমে ইলিশ ধরার নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে চট্টগ্রামের পাঁচটি এলাকা থেকে ২৩১ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 08:16 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

এরমধ্যে একটি ঘটনায় মাছ ধরার একটি নৌযান ‘এফভি মা’ এর মালিককে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পতেঙ্গায় নৌযানটিকে আটক করা হয়।

“নৌযানে করে প্রায় ২০ জন মাঝিমাল্লা সাগরে মাছ ধরতে যাচ্ছিল। ওই ট্রলারে ১২৮টি ইলিশ পাওয়া গেছে। মাঝিরা জানিয়েছে, মালিক খাওয়ার জন্য এ মাছগুলো তাদের দিয়েছে।”

এরপর ট্রলার মালিক ওসমান গণিকে সাত দিনের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান সৈয়দ মোরাদ আলী।

জেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ট্রলারে মোট ৯১ কেজি ইলিশ ছিল।

এদিকে সোমবার দিনভর অভিযানে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৬০ কেজি, সন্দ্বীপ উপজেলায় ৩৫ কেজি, নগরীর অলংকার মোড় এলাকায় ৩৩ কেজি এবং শেরশাহ বাংলা বাজার এলাকায় ১২ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

কামাল উদ্দিন বলেন, উপজেলায় ও নগরীর বিভিন্ন বাজারে এসব ইলিশ বিক্রির জন্য আনা হয়েছিল।

ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হবে। এ সময় ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ করা এবং বাজারে কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ।

এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে।