২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লেগুনার চাপায় শিশু নিহত

চট্টগ্রামে লেগুনাচাপায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 06:27 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

রোববার বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

নিহত ইয়াছিন আরাফাত (১০) নতুন বায়েজিদ অক্সিজেন এলাকার বাসিন্দা মো. ইসমাইলের ছেলে। আহত আব্দুল মান্নান (৪৫) ভিক্ষুক বলে জানিয়েছে স্থানীয়রা।

ফায়ার সার্ভিস বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্রুতগামী একটি লেগুনা শিশুসহ দুজনকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।”

ফায়ার সার্ভিস কর্মীরা দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।

ইয়াছিনের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন বলে এই পুলিশ সদস্য জানান।

এদিকে লেগুনাটি চালকসহ আটক করা হয়েছে বলে জানান বায়েজিদ বোস্তামী থানার এসআই আবুল খায়ের।