বাসযাত্রী দুই রোহিঙ্গা, সঙ্গে সাড়ে ৫ হাজার ইয়াবা
চট্টগ্রামে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, তাদের মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা রোববার ভোরে নগরীর ব্রিজঘাট মেরিনার্স রোডে টেকনাফ থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজন হলেন- সলিম উল্লাহ (৪২) ও মোহাম্মদ শাহ ওরফে খোকন (২২)।
তাদের মধ্যে সলিমউল্লাহ টেকনাফের হোয়াক্যং উনসিপাড়া শরণার্থী ক্যাম্প এবং খোকন লেদা নতুন টাল শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানান উপ-পরিচালক।
অভিযানে থাকা পরিদর্শক তপন কান্তি শর্মা জানান, গোপন খবরের ভিত্তিতে তারা টেকনাফ থেকে আসা সৌদিয়া পরিবহনের ওই বাসে তল্লাশি করেন। পরে ওই দুই যাত্রীর কাছে সাড়ে পাঁচ হাজার ইয়াবা পাওয়া যায়।
তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান পরিদর্শক তপন।
