আনন্দ-অশ্রুতে দেবীকে বিদায়
আনন্দ আর বেদনার মিশ্র অনুভূতিতে চট্টগ্রামে বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানাল ভক্তকূল।
শনিবার দুপুর থেকেই নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে দেবীকে বিদায় জানাতে জড়ো হন হাজারো ভক্ত।
শিশু-কিশোর-তরুণ-যুবক- সব বয়সী মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় সৈকত প্রাঙ্গণ। বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন পাড়া থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে বিসর্জনের জন্য জড়ো হতে থাকেন পতেঙ্গা সৈকতে।
ঢাকের বাদ্য-কাঁসার ঘণ্টায় মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এবং আশপাশের এলাকা। চারদিনের আনন্দ শেষে অশ্রুসজল নয়নে হিন্দু ভক্তরা বিদায় দেন মা দুর্গাকে।
বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে ট্রাকে করে দেবীকে নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে ভক্তকূল রওনা দেয় পতেঙ্গা সৈকতে উদ্দেশ্যে।
নগরীর ঘাটফরহাদবেগ, দেওয়ানজী পুকুর লেইন, রাজাপুর-মোমিন রোড, রাজাপুকুর লেইন, এনায়েত বাজার, জামালখান, হাজারি গলি, টেরি বাজার, রামকৃঞ্চ মিশন, আসকার দীঘির পাড় এলাকাসহ নগরীর বিভিন্ন মণ্ডপ ঘুরে এ চিত্র দেখা যায়।
হিন্দু পঞ্জিকামতে এবারে দেবী দুর্গা নৌকায় এসে ঘোটকে (ঘোড়া) কৈলাসে ফিরে গেছেন।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ পাল অরুণ জানান, এবার শান্তিপূর্ণ পরিবেশে পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জন হয়েছে।
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া প্রতিমা বিসর্জন শেষ হয়েছে উল্লেখ করে পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম ভূইয়া রাত আটটার দিকে জানান, প্রতিমা বিসর্জন দিতে আসার পথ ও সৈকত এলাকায় ছয়শ পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে কাজ করছে।
এছাড়া র্যা বসহ অন্যান্য বাহিনীও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারে চট্টগ্রাম মহানগরীতে ২৬৬টি পূজা হয়েছে। এর অধিকাংশই প্রতিমা বিসর্জন দিতে এসেছে পতেঙ্গা সৈকতে।
প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে মহানগর পূজা উদযাপন পরিষদ পতেঙ্গা সমুদ্র সৈকতে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি।
অন্যান্যের মধ্যে কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, জয়নাল আবেদিন ও নিলু নাগ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদারসহ পূজা পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
