২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭০০ টন ত্রাণ নিয়ে ভারতীয় জাহাজ চট্টগ্রামে

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ভারত থেকে তৃতীয় দফায় ৭০০ টন ত্রাণ এসেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 12:16 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ঘড়িয়াল ওই ত্রাণ নিয়ে বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটিতে পৌঁছায়।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বন্দর জেটিতে চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে এসব ত্রাণ হস্তান্তর করেন।

Image
ছবি: ভারতীয় দূতাবাস

ছবি: ভারতীয় দূতাবাস

চট্টগ্রাম বন্দর, নৌবাহিনী, ভারতীয় নৌবাহিনী, চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন ও জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 

ভারত থেকে তৃতীয় দফায় আসা এই ত্রাণের চালানে চাল, ডাল, লবণ, চিনি, চা, গুঁড়ো দুধ, বিস্কুট, সাবান ও মশারি রয়েছে। মোট ৬২ হাজার প্যাকেটে এই ত্রাণ বিতরণের জন্য তৈরি করা হয়েছে বলে হাই কমিশনের কর্মকর্তারা জানান।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ৫৩ টন এবং পরদিন আরও ১০৭ টন ভারতীয় ত্রাণ চট্টগ্রাম পৌঁছায়।

Image
ছবি: ভারতীয় দূতাবাস

ছবি: ভারতীয় দূতাবাস

মিয়ানমারে রাখাইন রাজ্যে নতুন করে দমন-পীড়নের মুখে গত এক মাসে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মিয়ানমারের মিত্র ভারত রোহিঙ্গা বিদ্রোহীদের দমনে দেশটির সরকারকে সমর্থন দিলেও পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীর অন্ন-বস্ত্র-বাসস্থানের সংস্থানে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।