চট্টগ্রামে আদালত থেকে পালিয়েছে চুরির আসামি
রিমান্ড আবেদনের ওপর শুনানির পর চট্টগ্রাম আদালত ভবন থেকে চুরির মামলার এক আসামি পালিয়ে গেছে।
ফাইল ছবি
পালিয়ে যাওয়া মো. নাসির ওরফে মামুন (৩৭) চট্টগ্রামের আনোয়ারা থানার একটি মোটর সাইকেল চুরির মামলায় আসামি।
চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক এএইচএম মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই চুরির মামলায় নাসিরকে আগে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
“সেই রিমান্ড শেষে আবার রিমান্ড আবেদন করা হয়। এ বিষয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে শুনানি শেষে তাকে নিচ তলার কোর্ট হাজতে নেওয়া হচ্ছিল।”
এসময় দুইজন কনস্টেবল আসামির সঙ্গে ছিলেন জানিয়ে পুলিশ কর্মকর্তা মশিউর রহমান বলেন, “নিচ তলায় কোর্ট হাজতের দিকে যাওয়ার সময় কৌশলে হাতকড়া খুলে নাসির পালিয়ে যায়।”
