২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সংকট: আন্তর্জাতিক সংস্থাগুলোকে সোচ্চার হতে আহ্বান

মিয়ানমারের রাখাইনে দমন-পীড়নের মুখে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় বাংলাদেশ যে সংকটে পড়েছে, তার সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সোচ্চার ভূমিকা নিতে হবে বলে মত এসেছে চট্টগ্রামে একটি সেমিনারে বক্তাদের আলোচনায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2017, 08:43 PM

Updated : 19 Aug 2022, 05:34 PM

শনিবার সকালে চট্টগ্রামের বেসরকারি চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) মিলয়ানতনে ‘মিয়ানমারে রোহিঙ্গা জাতিগত নিধন ও বাংলাদেশের সংকট: সমাধান কোন পথে’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, মধ্যপ্রাচ্যে আরব বসন্তের পর এক বছরে ইউরোপের বিভিন্ন দেশ মিলে মোট তিন লাখ ৬৩ হাজার ৪০১ জন শরণার্থী গ্রহণ করেছিল। আর মাত্র ১৯ দিনে বাংলাদেশে এসেছে চার লাখেরও বেশি শরণার্থী।

“জাতিসংঘের মহাসচিব কফি আনান প্রদত্ত সুপারিশের আলোকে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। মিয়ানমারে ১৩৫টি জাতিসত্তাকে স্বীকৃতি দেওয়া হলে রোহিঙ্গাদের দেওয়া হবে না কেন?”

এই সমস্যা সমাধানে ওআইসি, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেন।

“রোহিঙ্গা গণহত্যা বন্ধে অং সান সূচি সেনাবাহিনীর সামনে ক্ষমতাহীন হলেও রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি এর দায় এড়াতে পারেন না। ইতিহাস কাউকে ক্ষমা করে না।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাবেক সদস্য অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, রোহিঙ্গারা অষ্টম শতাব্দী থেকে রাখাইনে বসবাস করছে।

“শত শত বছর ধরে তারা সেখানে আছে। অথচ আজ তারা জাতিগত নিধনের শিকার। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের অধিকার আদায়ে পাশে দাঁড়াতে পারে।”

বাংলাদেশের সাবেক কূটনীতিক এমদাদুল ইসলাম বলেন, সবার আগে মানুষ। মিয়ানমারের কুকীর্তির পেছনে আছে সেখানকার সেনাবাহিনী।

“জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান প্রদত্ত প্রতিবেদন রোহিঙ্গাদের পক্ষে হওয়ার পরই কেন ২৫ অগাস্টের হামলা হলো সেই ব্যাপারটি নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

সিআইইউর আইন অনুষদ ও ইন্সটিটিউট অব গর্ভনেন্স এবং ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতির বক্তব্যে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, মিয়ানমারের এই চলমান সংকটের প্রেক্ষাপটে চট্টগ্রাম হুমকির মুখে রয়েছে।

“কারণ চট্টগ্রাম ফ্রন্টিয়ার লাইনে রয়েছে। তাই চট্টগ্রামের নিরাপত্তার ব্যাপারটি ভেবে দেখতে হবে। এ ব্যাপারে সরকারসহ সবাইকে সচেতন থাকতে হবে।”

সিআইইউর আইন অনুষদের প্রভাষক সাইদা তালুকদার রাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।