শোবার ঘরে গৃহবধূর লাশ, স্বামী-সন্তানকে খুঁজছে পুলিশ
নগরীর আলকরণ এলাকায় নিজ বাসা থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে আলকরণিএক নম্বর গলির আবদুস সামাদের বাড়ির দ্বিতীয় তলার বাসা থেকে আফসানা আক্তার শান্ত (২৮) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে নগর পুলিশের কোতয়ালি জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
আফসানা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শাহ আলম মিঠুর স্ত্রী। তাদের পাঁচ বছর বয়েসী একটি মেয়ে রয়েছে।
লাশ উদ্ধার পর থেকে মিঠু ও তাদের সন্তানের খোঁজ নেই বলে জানান জাহাঙ্গীর আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির মালিকের খবর পেয়ে নিজ ঘরের খাটে সোয়ানো অবস্থায় আফাসানার লাশ উদ্ধার করা হয়।
“ওই গৃহবধুর শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও গলায় কালো দাগ রয়েছে। এছাড়া লাশটি সোয়ানো থাকলেও ঘরের সিলিং ফ্যানে একটি ওড়না জড়ানো ছিল।”
লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
