২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিভাগের ৩৫৯৪ মণ্ডপে নিরাপত্তা সুসংহত: ডিআইজি

আসছে দুর্গাপূজায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় সাড়ে তিন হাজারের বেশি মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৫০ হাজার সদস্য থাকবে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2017, 02:03 PM

Updated : 12 Apr 2022, 12:20 AM

শনিবার সকালে নগরীর খুলশীতে দুর্গাপূজা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান এ কথা জানান।

বিভাগের ১১ জেলার পূজা উদযাপন পরিষদের নেতারা এবং পুলিশ সুপারদের উপস্থিতিতে হওয়া এ সভায় ডিআইজি পূজায় বাধা সৃষ্টিকারীদের শক্তহাতে প্রতিহত করারও ঘোষণা দেন।

সভায় তিনি বলেন, তিন হাজার ৫৯৪টি মণ্ডপের মধ্যে এক হাজার ২৮০টি সাধারণ, এক হাজার ২৫৮টি গুরুত্বপূর্ণ এবং এক হাজার ৫৬টিকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

“প্রতিটি মণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করা হয়েছে। পুলিশ-আনসারের সমন্বয়ে মণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া সীমান্ত এলাকায় বিজিবি ও র্যা ব সদস্যরাও নিরাপত্তায় থাকবে।”

এবারে পূজায় পুলিশ-আনসার, র্যা ব বিজিবি মিলিয়ে ৫০ হাজারের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে জানান তিনি।

পূজায় চট্টগ্রাম বিভাগের কোথাও নিরাপত্তার শঙ্কা নেই জানিয়ে ডিআইজি শঙ্কাহীন হয়ে দুর্গোৎসব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা কমিটি করতে বলা হয়েছে।

সভায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি কুসুম দেওয়ান ছাড়া অন্যদের মধ্যে চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

এছাড়া এসব জেলার পূজা উদযাপন পরিষদের নেতারাও সভায় বক্তব্য রাখেন।

এবারে চট্টগ্রাম জেলায় ১৫১৯টি, কক্সবাজারে ১৩৪, রাঙামাটিতে ৩৮, বান্দরবানে ২৬, খাগড়াছড়িতে ৫০, কুমিল্লায় ৭৩০, ব্রাক্ষণবাড়িয়ায় ৫২৪, চাঁদপুরে ১৯১, নোয়াখালীতে ১৬৫, ফেনীতে ১৪২ এবং লক্ষীপুরে ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গপূজা অনুষ্ঠিত হবে।