পোড়া ক্ষত নিয়ে হাসপাতালে ২৫ দিনের রোহিঙ্গা শিশু
মিয়ানমারে অব্যাহত সেনা অভিযানে বাংলাদেশে পালিয়ে আসা আরও তিন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ২৫ দিন বয়সী একটি শিশুও রয়েছে।
শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে তাদের কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।
এই তিনজন হলেন- মিয়ানমারের রচিদং এলাকার সৈয়দ নূরের ২৫ দিন বয়েসী ছেলে সাইফুল আরমান, সালিমউল্লাহ (৪৫) ও হাফেজ আহমেদ (১৬)।
এএসআই আলাউদ্দিন জানান, শিশু আরমান আগুনে দগ্ধ হয়েছে। অন্য দুজন দুর্ঘটনায় আহত।
টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ে (এমএসএফ) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠানো হয়।
গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল চলছে।
এর পর থেকে গত তিন সপ্তাহে মোট ১০৬ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন, যাদের অনেকেই এসেছেন গুলি ও পোড়া ক্ষত নিয়ে।
এদের মধ্যে দুইজন গত ২৬ অগাস্ট ও ৩০ অগাস্ট মারা যান। ২৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
