২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে এসিড নিক্ষেপ মাদকাসক্ত স্বামীর

চট্টগ্রামে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে এক তরুণীকে এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2017, 09:15 PM

Updated : 19 Aug 2022, 05:34 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় সাদিয়া সুলতানা লিজা (২৪) নামে ওই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

লিজা চান্দগাঁও থানার ওয়ালী উল্লাহ আবাসিক এলাকার ভাড়া বাসায় স্বামী আনোয়ার হোসেনের সাথে থাকতেন। চান্দগাঁও এলাকায় একটি বিউটি পার্লারে লিজা কাজ করতেন।

এসিডে লিজার মুখ ঝলসে গেছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার দিকে খালা পরিচয়দানকারী এক মহিলা হাসপাতালে নিয়ে আসেন লিজাকে।

খালা পরিচয়দানকারী ওই নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন বছর আগে পরিবারের অমতে আনোয়ারকে বিয়ে করেন লিজা। তাদের ঘরে দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে।

দুই পরিবারের কেউ বিয়েটি মেনে না নিলেও তাদের সন্তান জন্ম নেওয়ার পর লিজার পরিবার তাদের মেনে নিয়েছিল বলে জানান তিনি।

আনোয়ার কিছুই করে না জানিয়ে ওই নারী বলেন, “আনোয়ার মাদকাসক্ত, লিজার আয়ের টাকায় সে চলত। এ নিয়ে দুজনের মধ্যে কলহ লেগে ছিল।”

এই কলহের জেরে আনোয়ার স্ত্রী লিজার মুখে এসিড নিক্ষেপ করে বলে অভিযোগ ওই নারীর।

চান্দগাঁও থানার ওসি আবুল বাশার বলেন, “এসিড নিক্ষেপের বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে তদন্তের জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।”