চট্টগ্রাম মেডিকেলে রোহিঙ্গা শিশুর মৃত্যু, নতুন ভর্তি আরও দুজন
টেকনাফে সড়ক দুর্ঘটনায় আহত এক রোহিঙ্গা শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এদিকে রাখাইনের চলমান সংঘাতে আহত হয়ে পালিয়ে আসা আরও দুই রোহিঙ্গা নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন।
নিহত রোহিঙ্গা শিশু মো. শোয়েব (১২) মিয়ানমারের মংডু এলাকার এনায়েত উল্লাহর ছেলে। টেকনাফের সোহানী ক্যাম্পে থাকত এই শিশু।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিয়ানমার থেকে আসার পর শোয়েবের পরিবার টেকনাফের সোহানী ক্যাম্পে ছিল।
“কয়েকদিন আগে তারা মিয়ানমার থেকে এসেছে। টেকনাফে ক্যাম্পের কাছে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় শোয়েব আহত হয়।”
এদিকে রাখাইনের চলমান সংঘাতে আহত হয়ে পালিয়ে আসা নতুন যে দুই রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসার জন্য এসেছেন, তার একজন ভর্তি হয়েছে বুধবার রাতে, হাসপাতালের বার্ন ইউনিটে।
মো. জোবায়ের নামের ওই রোহিঙ্গা যুবক মিয়ানমারের মংডু এলাকার মীর আহমদেরে ছেলে।
আর সাইমুল (১৮) নামের আরেকজনকে হাসপাতালের ২৬ নম্বর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ সাইমুল মিয়ানমারের আকিয়াব জেলার মংডুর লাল মোহনের ছেলে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ২৪ জন মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছেন।
২৬ অগাস্ট ভোর রাতে মিয়ানমার থেকে আসা গুলিবিদ্ধ চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে মুছা নামের একজন সেদিনই মারা যান।
ওইদিন মধ্যরাতে আরও তিনজন হাসপাতালে ভর্তি হয়।
এরপর ২৭ অগাস্ট মধ্যরাতে আরও নয়জন এবং ২৮ অগাস্ট তিনজন চট্টগ্রাম মেডিকেলে আসে। ২৯ অগাস্ট আরও তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
সব মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত আসা ২৫ জন রোহিঙ্গার মধ্যে দুই জন মারা গেছেন।
