ভারত-বাংলাদেশ উপকূলীয় নৌ-চলাচল বাড়ানোর আহ্বান
ভারত ও বাংলাদেশের উপকূলীয় নৌ-চলাচল (কোস্টাল শিপিং) আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে অনুষ্ঠিত একটি সেমিনারের বক্তারা।
এতে দুদেশের ব্যবসায়ীদের ‘সময় ও অর্থ’ সাশ্রয় হবে বলে মঙ্গলবার চট্টগ্রাম চেম্বার ও ভারতীয় দূতাবাসের যৌথ আয়োজনের এ সেমিনারের বক্তারা মত দেন।
প্রধান অতিথি ভারতীয় ডেপুটি হাই-কমিশনার ড. আদর্শ সোয়াইকা বাংলাদেশের পানগাঁও এবং ভারতের কলকাতা বন্দরের মধ্যে কার্যক্রম আরও বাড়ানোর উপর জোর দেন।
তিনি বলেন, বাংলাদেশ শিল্প উৎপাদনে ৩০ শতাংশ উন্নতি করেছে। দুই দেশের মধ্যে সম্প্রতি হওয়া চুক্তিগুলোর মাধ্যমে অর্থনৈতিক, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা অন্য মাত্রা অর্জন করেছে।
“বিমসটেকের আওতায় শিপিং এবং বিবিআইএনের অধীনে সড়ক যোগাযোগ চুক্তি হলে এ অঞ্চলের অর্থনৈতিক অবস্থার যুগান্তকারী পরিবর্তন হবে।”
চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল নির্মাণে তার দেশ সহযোগিতা করবে বলে জানান ভারতীয় ডেপুটি হাই-কমিশনার।
বাংলাদেশের মোংলা, ভেড়ামারা ও মিরসরাইয়ে ভারত প্রস্তাবিত তিনটি অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শেষ হলে সেখানে বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলা হবে বলে জানান তিনি।
একই অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদও ‘উপকূলীয় নৌ-চলাচল’ বাড়ানোর আহ্বান জানান।
চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতিতে মূল ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, পানগাঁও বন্দর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কোন্নয়নে অবদান রাখছে।
রেল-নৌ-তথ্য প্রযুক্তি এবং অবকাঠামো খাতেও ভারতের সহযোগিতা নেওয়ার মত দিয়ে এই ব্যবসায়ী বলেন, বাংলাদেশে কর্মরত ভারতীয়দের বেতন বাবদ প্রতি বছর ছয় বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য ভারতের সহযোগিতা নেওয়া যেতে পারে।
কোস্টাল শিপিং চুক্তির ফলে দুই দেশের বাণিজ্যে ‘নতুন যুগের’ সূচনা হয়েছে বলে সেমিনারের সভাপতির বক্তব্যে মন্তব্য করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম।
“আগে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালনা করতে হত। কিন্তু এখন চট্টগ্রাম, মোংলা, পানগাঁও ও আশুগঞ্জ থেকে ভারতের পূর্বাঞ্চলীয় বন্দরগুলোর সঙ্গে সরাসারি কার্গো ও কন্টেইনার পরিবহন সম্ভব হচ্ছে। এতে সময় ও ব্যয় দুটোই সাশ্রয় হচ্ছে।”
নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ‘বাংলাদেশ-ভারত কোস্টাল শিপিং’ বিষয়ক এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতীয় দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি (কর্মাশিয়াল) শিশির কোঠারী।
অন্যদের মধ্যে চট্টগ্রামে ভারতের বিদায়ী সহকারী হাই-কমিশনার সোমনাথ হালদার, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুল নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, বিদায়ী পরিচালক মাহফুজুল হক শাহ এবং বন্দর কর্তৃপক্ষের সদস্য (ফাইন্যান্স) মো. কামরুল আমিন সেমিনারে বক্তব্য দেন।
