আগ্রাবাদে নর্দমা থেকে যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে নর্দমা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ডবলমুরিং থানা পুলিশ ব্যাংক কলোনির সামনের নর্দমা থেকে মোহাম্মদ আহসান (২৮) নামে ওই যুবকের লাশ উদ্ধার করে।
আহসান নগরীর গোসাইলডাঙ্গা এলাকার মোহাম্মদ আলমের ছেলে। তার বাবার একটি গ্রিল ওয়ার্কশপ আছে।
ডবলমুরিং থানার এসআই নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহতের বাবার বরাত দিয়ে তিনি বলেন, “আহসানের মৃগী রোগ রয়েছে। গতকাল (শুক্রবার) সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি সে।”
আহসানের দেহে আঘাতের কোনো চিহ্ন নেই জানান এসআই নুরুল।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
