২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ: মাঠে নিষিদ্ধ যেসব জিনিস

চট্টগ্রামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দেখতে কোন কোন জিনিস নিয়ে মাঠে ঢোকা যাবে না, সে নির্দেশনা দিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 06:28 PM

Updated : 19 Aug 2022, 05:21 PM

Image
ঢাকায় অনুশলীনে অস্ট্রেলিয়া ক্রিকেট দল (ফাইল ছবি)

ঢাকায় অনুশলীনে অস্ট্রেলিয়া ক্রিকেট দল (ফাইল ছবি)

বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরে পুলিশের সাথে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে বৈঠকের পর এ নির্দেশনার কথা জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার।

আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ।

বৈঠকে সিএমপি কমিশনার জানান, খেলায় দর্শকরা ক্যামেরা, ব্যাগ, বোতল, ক্যান, কোনো ধরনের পানীয় ও খাবার নিয়ে মাঠে প্রবেশ করতে পারবে না। তবে গ্যালারিতে দর্শকরা খাবার ও পানীয় কিনতে পারবে।

এছাড়াও কোনো ধারালো ধাতব বস্তু, ইলেকট্রনিক ডিভাইস, তার, লাঠিসহ কোন পতাকা নিয়েও মাঠে প্রবেশ করা যাবে না বলে জানান তিনি।

তবে লাঠিবিহীন জাতীয় পতাকা, প্ল্যাকার্ড নিয়ে দর্শকরা মাঠে প্রবেশ করতে পারবেন।

বৈঠকে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মাসুদ-উল-হাসান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীর, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, সিটি করপোরেশন, সিডিএ, ক্রিকেট কন্ট্রোল বোর্ড, ভেনু ব্যবস্থাপক, ওয়াসা, হোটেল রেডিসন ব্লু কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।