২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে নাশকতায় পথচারীর মৃত্যু: পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ

দুই বছর আগে বিএনপি জোটের হরতালে হাতবোমা বিস্ফোরণে এক পথচারীর মৃত্যুর ঘটনায় করা একটি হত্যা মামলার অধিকতর তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) করতে নির্দেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 08:48 PM

Updated : 19 Aug 2022, 05:12 PM

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের মহানগর হাকিম মো. শাহে নূর বৃহস্পতিবার এ আদেশ দেন।

গত ৬ জুলাই রাষ্ট্রপক্ষ এই মামলার অধিকতর তদন্ত চেয়ে আদালতে আবেদন করেছিল।

চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মামলার এক আসামি গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে অন্য চারজনের নাম উল্লেখ করেন।

“তদন্ত কর্মকর্তা এসব বিষয় উল্লেখ না করেই চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দেন। এছাড়া আহত এক ব্যক্তির নাম-ঠিকানা মামলার এজাহারে ছিল। তদন্ত কর্মকর্তা তার সাথে কথা বলেছিলেন কি না সেবিষয়েও চূড়ান্ত প্রতিবেদনে কিছু উল্লেখ নেই।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, “এ কারণে আমরা মামলাটির অধিকতর তদন্ত চেয়ে আদালতে আবেদন করেছিলাম। আদালত পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন।”

২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নগরীর চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায় সন্ধ্যা সাতটার দিকে হাতবোমা বিস্ফোরণে গুরুতর আহত হন মো. রিদওয়ান (৫০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান তিনি। একই ঘটনায় আহত হন রাজীব মল্লিক (১৬) নামের একজন।

এ ঘটনায় চান্দগাঁও থানার এসআই সুজন কান্তি দে ২৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

মামলার এজাহারভুক্ত এবং সন্দেহভাজন হিসেবে মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

মামলার আসামি আরমান হোসেন ২০১৫ সালের ৫ এপ্রিল চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভুঁইয়ার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে তিনি ঘটনায় সম্পৃক্ততা স্বীকার করে জড়িত হিসেবে আবদুর রহিম বক্স, ইভান খান ইমন, জসিম ও রুবেলের নাম উল্লেখ করেন।

এদের মধ্যে আবদুর রহিম বক্সকে ২০১৫ সালের ২৬ মার্চ ও ইভান খান ইমনকে ওই বছরের ২৯ জুলাই গ্রেপ্তারের পরে আদালতে হাজির করেছিলেন মামলাটির প্রথম তদন্ত কর্মকর্তা গোলাম মো. নাসিম।

মামলার পরবর্তী তদন্ত কর্মকর্তা এসআই মো. ইলিয়াছ গত বছরের ১৫ জুন এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেন।

এরপর বিষয়টি রাষ্ট্রপক্ষের নজরে আসলে তারা এই মামলায় অধিকতর তদন্ত চেয়ে আদালতে আবেদন করে।

পুরনো খবর:

চট্টগ্রামে হাতবোমায় পথচারী নিহত