দুর্ঘটনার পর চট্টগ্রামে বিমান উঠানামা ব্যাহত
একটি দুর্ঘটনার পর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা তিন ঘণ্টা বন্ধ ছিল।
বৃহস্পতিবার বিকালে নৌবাহিনীর একটি উড়োজাহাজ অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ার পর থেকে এই সমস্যা দেখা দেয় বলে বিমানবন্দরের কর্মকর্তারা জানান।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নৌবাহিনীর একটি এয়ারক্রাফট অবতরণের সময় রানওয়ে থেকে সামান্য সরে গিয়েছিল।”
তবে উড়োজাহাজটির আরোহীদের কেউ হতাহত হয়নি বলে বিমানবন্দর কর্মকর্তারা জানান।
রিয়াজুল কবির বলেন, “এই ঘটনার পর বিকাল ৫টা ৪৭ মিনিট থেকে বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে যায়। ৯টায় তা আবার শুরু হয়।”
শাহ আমানত বিমানবন্দরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের আটটি ফ্লাইট ছাড়ার এবং নয়টি ফ্লাইট নামার কথা ছিল।
বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, এই সময়ের পাঁচটি অভ্যন্তরীণ এবং দুটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়।
