চট্টগ্রামে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় স্থাপনের দাবি
চট্টগ্রাম দেশের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু হলেও এখানে কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় নেই।
এ পরিস্থিতিতে আর্থিক প্রতিষ্ঠানগুলো বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী চট্টগ্রামেও কোনো কোনো প্রতিষ্ঠানের সদর দপ্তর স্থাপনের তাগিদ এসেছে নগরীতে অনুষ্ঠিত এক সেমিনার থেকে।
বুধবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চট্টগ্রাম চেম্বারে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) এ সেমিনারের আয়োজন করে।
‘প্রেজেন্টেশন অব অ্যাক্টিভিটিজ অ্যান্ড কনসাল্টেশন অন স্ট্রাটেজিক প্ল্যানিং’ বিষয়ক এ সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।
তিনি বলেন, চট্টগ্রাম বাণিজ্যের কেন্দ্রবিন্দু হলেও এখন পর্যন্ত দেশের কোন আর্থিক প্রতিষ্ঠানের প্রধান দপ্তর এখানে স্থাপিত হয়নি।
কস্ট অব বিজনেস ও আমদানি-রপ্তানি সুবিধার কারণে চট্টগ্রামে যে কোনো বিনিয়োগ লাভজনক মন্তব্য করে তিনি বলেন, “আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের যে অঞ্চলে যে সম্ভাবনা রয়েছে সেটার বিকাশ নিশ্চিত করতে হবে।”
প্রয়োজনীয়তা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রামে কোনো একটি আর্থিক প্রতিষ্ঠানের সদর দপ্তর স্থাপনের দাবি জানান চেম্বার সভাপতি।
বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমানুল ইসলাম বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীদের তার সংস্থার অর্থায়ন প্রক্রিয়া সম্পর্কে অবহিত করে এ অঞ্চলের অবকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা দিতে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে থাকে বিআইএফএফএল।
অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিআইএফএফএল বিদ্যুৎ ও জ্বালানি, প্রাকৃতিক সম্পদ উন্নয়ন, যোগাযোগ, অর্থনৈতিক ও শিল্পাঞ্চল, বন্দর উন্নয়ন, টেলিযোগাযোগ এবং হোটেল ও পর্যটন শিল্পে অর্থায়ন করে।
এছাড়া সেবা খাত ও পরিবেশ ব্যবস্থাপনা, সার, নগর উন্নয়ন এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতেও এ সংস্থাটি আর্থিক সহায়তাও দেয়।
চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, মো. রকিবুল রহমান টুটুল, অঞ্জন শেখর দাশ ও হাসনাত মো. আবু ওবাইদা সেমিনারে বক্তব্য দেন।
