২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাৎ: ৩০ বছর পর তিনজনের সাজা

ত্রিশ বছর আগের অর্থ আত্মসাতের দুই মামলায় চট্টগ্রামে পূবালী ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ তিনজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2017, 07:52 PM

Updated : 19 Aug 2022, 05:12 PM

বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রুহুল আমীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পূবালী ব্যাংক পতেঙ্গা শাখার সাবেক কর্মকর্তা এসএম রফিক, ক্যাশিয়ার এসএম গোলাম খালেক ও টেনিকো ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠানের মালিক আবুল হোসেন।

তিন আসামিই পলাতক রয়েছেন।

পরস্পর যোগসাজশে ৩১ লাখ ও ৬২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৯৮৭ সালের ৮ ডিসেম্বর ছয়জনের বিরুদ্ধে দুটি মামলা করেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আবু মো. আরেফ সিদ্দিকী।  

দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় দিয়েছেন।

“১৪ বছর করে কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে আত্মসাৎ করা অর্থের অর্ধেক জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের দণ্ডদেওয়া হয়েছে।”

অভিযোগ প্রমাণিত না হওয়ায় পূবালী ব্যাংকের কর্মকর্তা কামালুল ইসলাম, শরিফ উল্লাহ ও আবদুল আউয়ালকে খালাস দিয়েছেন বিচারক।

দুই মামলায় ১৯৯৪ সালের ২২ মার্চ অভিযোগপত্র দেওয়ার পর ১৯৯৫ সালের ২৪ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।