ফৌজদারহাট ফাঁড়িতে লরি ঢুকে পুলিশ সদস্য আহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ফাঁড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ঢুকে পড়ায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত মো. আশরাফ ওই ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনায় ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম ভূঁইয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চট্টগ্রামমুখী লরিটি সড়ক থেকে নেমে পুলিশের পিকআপে আঘাত করার পর ফাঁড়িতে আঘাত করে।
“সম্ভবত লরিটির ব্রেকফেল হয়েছিল। চালক ও সহকারী ঘটনার পরই পালিয়ে গেছে। লরিটি এখনও ফাঁড়ির সামনে আছে।”
লরিটি সরাতে ক্রেন প্রয়োজন হওয়ায় সেটি বুধবার সকাল পর্যন্ত ফাঁড়ির সামনে থেকে সরানো সম্ভব হয়নি বলে জানান এসআই নজরুল।
