চট্টগ্রামে দেয়াল ধসে আহত ৬
চট্টগ্রামের পাথরঘাটায় এক ভবনের দেয়াল ধসে ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানার পাথরঘাটা নজু মিয়া লেইন ৪ নম্বর গলিতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন- মো. আলতাফ (২৬), মো. বেলাল (৩০), বাবুল (১৫), মো. আজমীর (২২), নুরনবী (৩২) ও অরিফ (১৮)।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন বালি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নজু মিয়া লেইনে সিটি করপোরেশনের উদ্যোগে নাল খনন করে ঢালাইয়ের কাজ চলছিল।
“দুপুরে নালা খনন করা নালার পাশে একটি ভবনের সীমানা দেয়ালটি ভেঙে পড়ে।”
প্রায় আট ফুট উঁচু ও ৮০ ফুট দীর্ঘ দেয়ালটি ভেঙে পড়ার সময় নালা খননের কাজ বন্ধ ছিল বলে জানান তিনি।
দেয়াল থেকে খসে পড়া ইটের আঘাতে কয়েকজন শ্রমিক আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয় বলে জানান ইসমাইল বালি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জনান, দুপুরে আহত অবস্থায় ছয় শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত।
