২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তরুণকে ছুরি মেরে হত্যা

চট্টগ্রামের ঝাউতলায় এক তরুণকে ছুরি মেরে হত্যা করা হয়েছে, যার পেছনে ‘প্রেমের দ্বন্দ্বের ঘটনা’ রয়েছে বলে পুলিশের ভাষ্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 11:45 AM

Updated : 12 Apr 2022, 12:03 AM

সোমবার রাতে ঝাউতলা বিহারি কলোনি এলাকায় মোহাম্মদ মাসুম নামের ১৯ বছর বয়সী ওই তরুণকে তিন-চারজন মিলে খুন করে বলে খুলশী থানার ওসি শেখ মোহাম্মদ নাছির হোসেন জানান।

নিহত মাসুম বিহারি কলোনি এলাকার মো. জুলফিকারের ছেলে। তাকে হত্যার ঘটনায় রুবেল ও হাসান নামের দুইজনকে আটক করেছে পুলিশ।

ওসি জানান, মাসুম ও হাসান ওই এলাকার একটি মেয়েকে পছন্দ করত। এ নিয়ে তাদের দুইজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।

“হাসান এটি মেনে নিতে না পেরে সহযোগীদের নিয়ে মাসুমকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে সেখানেই মাসুমের মৃত্যু হয়।”

আটক রুবেল ও হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।