খাল উদ্ধারে ‘অ্যাকশনে’ যাচ্ছেন মেয়র নাছির
জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরীর হারিয়ে যাওয়া খালগুলো উদ্ধারে জরিপ চলছে জানিয়ে তা শেষ হওয়ার পর ‘অ্যাকশনে’ যাওয়ার কথা বলেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
জলাবদ্ধতা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে মেয়রের দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্তিতে সোমবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সুধী সমাবেশে একথা বলেন তিনি।
মেয়র নাছির বলেন, “ডিজিটাল সার্ভে চলছে। শেষ হতে একটু সময় লাগবে। আরএস’র ভিত্তিতে আমরা এটা করছি। জরিপ শেষ হলে আমরা সিদ্ধান্ত পাব। তারপর আমরা অ্যাকশনে যাব।
“আমরা উচ্ছেদে যাব, উচ্ছেদের ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেব না।”
তিনি বলেন, “জলাবদ্ধতা সময়সাপেক্ষ ও চ্যালেঞ্জিং বিষয়। যারা এটাকে বোঝার চেষ্টা করেন, তারা এটা নির্দ্বিধায় স্বীকার করেন।”
জলাবদ্ধতার ক্ষেত্রে নিজের দায় ‘কম’ মনে করলেও নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সমালোচনাকে মেনে নিচ্ছেন তিনি।
“আমি সে দায়কে মেনে নিয়ে বিনয়ের সাথে নগরবাসীকে জলাবদ্ধতার পেছনে কার ভূমিকা কতটুকু, সে বিষয়ে আত্মসমালোচনার অনুরোধ জানাচ্ছি।”
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্মিত ও নির্মাণাধীন ফ্লাইওভারের পিলারের কারণে পানি নিষ্কাশনের নালা ভরাট হয়েছে বলেও অভিযোগ করেন মেয়র।
“আমাকে আইনি কাঠামোর মধ্যে থেকে কাজ করতে হয়। আইনি কাঠামোর মধ্যে থেকে কতটা প্রত্যাশা পূরণ করতে পারব, সেটাও নগরবাসীকে বিবেচনায় রাখতে হবে।”
নিজের নির্বাচনকালীন অঙ্গীকার ও নগরবাসীকে যে স্বপ্ন দেখিযেছিলেন, সে বিষয়ে ‘সম্পূর্ণ সচেতন’ আছেন বলেও আশ্বস্ত করেন ক্ষমতাসীন দলের নেতা নাছির।
“আমার মেয়াদকালে পুরো নগরীকে এলইডি লাইটের নিয়ন্ত্রণে আনব। নগরীতে ৩০০ কিলোমিটার কাঁচা সড়ক আছে। আমার মেয়াদকালে সব সড়ক কার্পেটিংয়ের আওতায় চলে আসবে।”
‘কথা শুনি, প্রভাবিত হই না’
সুধী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অনেকে মেয়রকে তার চারপাশের মানুষ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। নির্বাচনে তার বিরোধিতাকারীদের করপোরেশনের কাজ দেওয়া হচ্ছে বলেও কথা আসে।
এসবের জবাবে মেয়র নাছির বলেন, “আমি সবার কথা এমনকি একজন ভিক্ষুকের কথাও সময় পেলে ধৈর্য় নিয়ে শুনি, কিন্তু জীবনে কারও কথা দ্বারা প্রভাবিত হইনি।”
উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমার নিবেদিত শুভাকাঙ্ক্ষীরা মাঝে মাঝে অভিযোগ করে বলেন- ‘নাছির ভাই কথা শোনেন, কিন্তু কখনও কথা রাখতে দেখলাম না’।
“টেন্ডার কে পাচ্ছে, সেটা বিবেচ্য বিষয় নয়। সিসিসির তালিকাভুক্ত ঠিকাদার যারা উপযুক্ত তারাই টেন্ডার পাচ্ছে। কাছের মানুষরা যদি মনে করেন যে তাদের টেন্ডার দেওয়া হচ্ছে না, তাহলে তাদের কথা শুনে হজম করা ছাড়া আর কোনো পথ নাই।”
চট্টগ্রাম সিটি করপোরেশনকে স্বজনপ্রীতির বাইরে রাখতে পেরেছেন বলে দাবি করেন নাছির। পরিচ্ছন্নতার ক্ষেত্রেও সফলতার দ্বারপ্রান্তে বলে তার দাবি।
সুধী সমাবেশে সাংসদ ওয়াসিকা আয়শা খানম, সাবিহা মুছা, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, সিইউজে’র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী বক্তব্য রাখেন।
