২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরীকে হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন

পারিবারিক কলহের জেরে এক কিশোরীকে হত্যার মামলায় তার সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 06:33 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

রোববার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরে আলম এই রায় দেন।

রোকেয়া বেগম নামের ওই নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত রোকয়ো বেগম সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ মাহমুদাবাদ বলাইপাড়া এলাকার আবদুল হকের দ্বিতীয় স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আইনজীবী লোকমান হোসেন বলেন, জামিনে থাকা রোকেয়া বেগম প্রতিটি শুনানিতে হাজির থাকলেও রোববার রায় ঘোষণার দিন অনুপস্থিত ছিলেন।  

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর বাড়িতে ইফতার বানানোর সময়ে কাজ না করা নিয়ে কথা কাটাকাটির জেরে সৎ মেয়ে নাসিমা আক্তারকে মারধর করে এবং লাঠি ও দা দিয়ে আঘাত করলে সেদিনই তার মৃত্যু হয়।

পরে রোকেয়া ও তার স্বামী মিলে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন।

কিন্তু পুলিশের সন্দেহ হলে লাশের ময়নাতদন্ত করা হলে হত্যার আলামত মেলে। পরদিন পুলিশ এ ঘটনায় হত্যা মামলা করে।

২০০৩ সালের ৩১ ডিসেম্বর আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরের বছরের ২১ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে মামলার বিচার শুরু হয়।